বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বায়ুদূষণ ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বন্দর উপজেলার কেওঢালা ও বাগদোবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী পরিচালিত এ অভিযানে কেওঢালা এলাকার খান ব্রিকস ম্যানুফেকচারার-কে ৭০ হাজার টাকা এবং বাগদোবাড়িয়া এলাকার মেসার্স আল্লাহ মহান ব্রিকস-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট দুই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো. মীমরাজ হোসেন/এমএন

বিজ্ঞাপন