মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মুন্সীপাড়ায় তাবলীগ জামায়াতের দাওয়াতকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজন হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুন কাজীপুর মুন্সীপাড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতের কার্যক্রমে অংশ নিতে চারজন পাকিস্তানি নাগরিক এলাকায় আসেন।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় ওই এলাকার লালন ভক্ত রাজনকে মাগরিবের নামাজের দাওয়াত দেওয়া নিয়ে পাকিস্তানি নাগরিকদের সঙ্গী আশিকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এ সময় উত্তেজিত পরিস্থিতির মধ্যে রাজন ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে চলে যান। পরে তিনি বাড়ির ছাদ থেকে রাস্তার দিকে পরপর চারটি ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রামবাসী রাজনের বাড়ি ঘিরে রাখেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতেই রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজন হোসেন ও তার বাবা আব্দুর রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাজনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি আব্দুর রশীদ বর্তমানে পলাতক রয়েছেন।
মাহাবুল ইসলাম/এমএন
