বিজ্ঞাপন

সেতু থেকে ছিটকে পড়ল বাস, নারী-শিশুসহ যাত্রীদের উদ্ধার করল কোস্ট গার্ড

সেতু থেকে ছিটকে পড়ল বাস, নারী-শিশুসহ যাত্রীদের উদ্ধার করল কোস্ট গার্ড

টেকনাফের দমদমিয়ায় সেতু থেকে একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারী ও শিশুসহ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকাজ শেষে আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি বাস দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন এবং অনেকে আহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

কোস্টগার্ড সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সমন্বিত অভিযানের মাধ্যমে বাসের ভেতরে আটকে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের মেডিকেল টিম আহতদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্ঘটনাসহ যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থেকে দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা দিতে কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতিয়াজ নুর/আরকে

বিজ্ঞাপন