খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে সুজন চাকমা (৪৮) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বাবুছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন চাকমা উপজেলার তারাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কালেক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জিতেন চাকমার মৃত্যু হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত সুজন চাকমা ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর একজন সদস্য ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এ সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।
দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিপক্ষ জেএসএস (সন্তু লারমা) দলের সম্পৃক্ততার অভিযোগ করেছে ইউপিডিএফ সংগঠক অংগ মারমা। তবে এ ঘটনায় জেএসএস-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদ শাহজাহান/আরএআর
