বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার বাবুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদি ও জিসান এবং নিহত রজব আলী- তিনজনই পৌরসভার মসজিদপাড়ার বাসিন্দা এবং ছোটবেলা থেকে বন্ধু। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দালালি করতেন বলে এলাকায় পরিচিত ছিলেন। এলাকাবাসীর ধারণা, রোগীর ট্রলি ও পরীক্ষার কমিশন ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে বুধবার দুপুরে মেডিকেল মোড়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসান রজবকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক ইসারুল ইসলাম তুষার বলেন, ছুরিকাহত অবস্থায় রজব আলীকে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে রাখা আছে। আইনি পদক্ষেপ চলমান আছে।

আশিক আলী/আরএআর

বিজ্ঞাপন