খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিরাপত্তা বাহিনীর টহল দলের সঙ্গে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ববিন ত্রিপুরা (৩২) নামে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ববিন ত্রিপুরা রামগড়ের মাজারটিলা এলাকার বাসিন্দা। আহত হয়েছেন মংসানু মারমা ওরফে জীবন (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার প্রেমতলা এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে ববিন ত্রিপুরা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিরা তাদের সংগঠনের কর্মী। সংগঠনের সংগঠক অংগ্য মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহতের মরদেহ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর তল্লাশি অব্যাহত রয়েছে।
মোহাম্মদ শাহজাহান/আরএআর
