বিজ্ঞাপন

ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বজ্রপাতে গুরুতর আহত হন। দ্রুত ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

অন্যদিকে, উপজেলার কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮) সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাখাওয়াত সুমন/এএমকে