ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তনের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করতে গেলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সাখাওয়াত সুমন/এসএইচএ
