বিজ্ঞাপন

হালদা নদীতে অভিযান, ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হালদা নদীতে অভিযান, ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং অন্যান্য মাছ রক্ষায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান, এএসআই রমজান আলী ও তার সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এছাড়া হালদা প্রকল্পের পাহারাদার আলামগীর ও হাসান মুরাদ অভিযানে সহযোগিতা করেন।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, হালদা নদীর রামদাস মুন্সীরহাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ভাসা জাল ও একটি বড় ভাসা জাল জব্দ করা হয়। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার মিটার।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, হালদা নদী দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ এবং কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এ নদীর জীববৈচিত্র্য ও মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার, মা মাছ শিকার এবং নদীর পরিবেশ ধ্বংসের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

পরে জব্দ করা জালগুলো রামদাস মুন্সীরহাট সংলগ্ন হালদা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এমআর/এসএইচএ