বিজ্ঞাপন

রাজবাড়ীতে সংঘর্ষে নিহতের ঘটনায় ৩৪৯ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সংঘর্ষে নিহতের ঘটনায় ৩৪৯ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

বুধবার(২৪ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম।

এর আগে গত ২৩ জুন নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করে ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের সঙ্গে ঢেঁপা মাজাইল গ্রামের বাসিন্দাদের জমি মাপজোখ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জামিন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ঢেঁপা মাজাইল গ্রামের লোকজন দড়িবাংলাট, বড় বাংলাট ও পারকুল এলাকায় গিয়ে শতাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, মালামাল লুট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

সংঘর্ষের পর থেকেই দড়ি বাংলাট, বড় বাংলাট, পারকুল এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে, স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ

বিজ্ঞাপন