বিজ্ঞাপন

আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জন কারাগারে

আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জন কারাগারে

যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন । 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর শহরের শংকরপুরের মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মনিরামপুরের কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান, পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী ও কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া। 

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মনিরামপুরের কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে উপস্থিত হন। বিবাদী হিসেবে অপর তিনজন আদালতে হাজির হয়েছিলেন। মামলার চার্জ শুনানি শেষে বাদী-বিবাদী বারান্দায় গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা মারামারি শুরু করেন। বিষয়টি আদালতের বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিক পুলিশ দিয়ে ওই চারজনকে আটক করেন এবং কোতোয়ালি থানায় সংবাদ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। 

পুলিশ তাদের ১৫১ ধারায় আটক করে ঘটনার তদন্ত শেষে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনেশ ঘোষ মামলার বাদী-বিবাদী চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। এ প্রতিবেদন পর্যালোচনা করে সিআর মামলার বাদী জাকারিয়া ও বিবাদী তিনজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে তাদেরকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

রেজওয়ান বাপ্পী/আরকে

বিজ্ঞাপন