বিজ্ঞাপন

সাবেক প্রতিমন্ত্রীর বিলাসবহুল বাগানবাড়ি এখন মাদকসেবীদের আড্ডাখানা

সাবেক প্রতিমন্ত্রীর বিলাসবহুল বাগানবাড়ি এখন মাদকসেবীদের আড্ডাখানা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের দৃষ্টিনন্দন বাগানবাড়ি ‘আলেয়া গার্ডেন’ এখন পরিত্যক্ত পড়ে আছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাগানবাড়িটি বিরানভূমিতে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকায় এটি এখন মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানা ও নানা অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা সাত বার আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আজম। ১৯৯১ সালে সংসদ সদস্য, ১৯৯৬ সালে সরকার দলীয় সাংসদ এরপর ২০০১ সালে হন সংসদে বিরোধী দলীয় হুইপ এবং ২০০৮ সালে সরকারদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। পরে ২০১৯ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সপ্তমবারের মতো একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে মির্জা আজম গড়ে তোলেন অর্থ-সম্পদ আর প্রাচুর্যের সাম্রাজ্য। জামালপুরের দেউরপাড় চন্দ্রা এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ছয় একর জমির ওপর স্ত্রী আলেয়ার নামে আলেয়া গার্ডেন গড়ে তোলেন মির্জা আজম। স্থানীয়ভাবে এই রিসোর্ট ‘রং মহল’ নামে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, এই বাগানবাড়িটি নির্মাণের সময়ও পার্শ্ববর্তী কয়েকটি জমি দখল করা হয়েছিল।

আলেয়া গার্ডেনে দেশি-বিদেশি ফলজ, বনজ, ওষধি এবং সৌন্দর্যবর্ধক প্রায় দুই শতাধিক প্রজাতির গাছ ছিল। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য এই বাগানের মালিক হিসেবে মির্জা আজমের স্ত্রী আলেয়া আজম ২০১৬ সালে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পদক পেয়েছিলেন। এই বাগানবাড়িতে একটি বিলাসবহুল আবাসিক ভবন, বিভিন্ন প্রশিক্ষণ বা অনুষ্ঠান আয়োজন করার জন্য সুপরিসর একাধিক ভবন ছিল। ছিল আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত জাতের গরু ও মুরগির খামার। বাগানবাড়িটি প্রথমে মির্জা আজমের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের অবসর কাটানোর জন্য ব্যবহৃত হলেও পরবর্তীতে এটিকে পার্ক হিসেবে গড়ে তোলা হয়। এক সময় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং দর্শনার্থীরা একশ টাকা প্রবেশমূল্য দিয়ে আলেয়া গার্ডেনে প্রবেশ ও সময় কাটাতে পারতেন।

এখানে বিভিন্ন প্রতিষ্ঠান নির্ধারিত ফি পরিশোধ করে সভা, সেমিনার, প্রশিক্ষণসহ তাদের নানা কর্মসূচি ও বনভোজন আয়োজন করা হতো। আলেয়া গার্ডেনে দর্শনার্থীদের জন্য বসার জায়গা, শিশুদের খেলাধুলাসহ বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছিল। কিন্তু গত ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হলে আলেয়া গার্ডেনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা। এরপর কয়েকদিন ধরে সেখানে লুটপাট চলেছে। আলেয়া গার্ডেন এখন যেন বিরাণভূমি।  

সরেজমিনে দেখা যায়, জামালপুর পৌর শহরের দেউড়পাড় এলাকায় অবস্থিত আলেয়া গার্ডেনের আশপাশে তেমন জনবসতি নেই। নির্জন পরিবেশের কারণে স্থানটি এখন নানা অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দুটি দ্বিতল ভবনের বিভিন্নস্থানে মাদক সেবনের আলামত দেখা গেছে। ভবনের ভেতরে ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ব্যবহৃত মাদকের বিভিন্ন উপকরণ।

দিনের বেলায় বাগানবাড়ির পুকুরে স্থানীয়দের গোসল, ঘোরাঘুরি এবং কৃষি জমিতে কাজ করা মানুষের যাতায়াত দেখা যায়। অনেক শিক্ষার্থীও সেখানে অবাধে সময় কাটাতে আসে। তবে সন্ধ্যা নামার পর পুরো এলাকার চিত্র বদলে যায়। স্থানীয়দের অভিযোগ, নির্জনতার সুযোগ নিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা সেখানে জড়ো হয়। সন্ধ্যা থেকে গভীর রাত, কখনো কখনো ভোর পর্যন্ত চলে নেশার আসর।

স্থানীয়দের দাবি, মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনের পাশাপাশি সেখানে নানা অসামাজিক কর্মকাণ্ডও ঘটে। এ কারণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে স্থানীয় তরুণদের একটি অংশও বিপথগামী হতে পারে।          

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, চাষাবাদের সুবিধা, ফসল ও মাছ পাহারা দেওয়ার জন্য আমরা পালা করে কয়েকজন এখানে রাতে থাকি। দিনের বেলাতে উঠতি বয়সের ছেলেমেয়েরা স্কুল-কলেজে না গিয়ে এখানে আসে। তাদের অনেকেই অসামাজিক কার্যকলাপ করে। সন্ধ্যার পরে এখানে মাদকাসক্তদের আড্ডা জমে উঠে। শহরের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এখানে এসে নির্বিঘ্নে মাদক সেবন করে। আগে মাঝে মধ্যে পুলিশকে ফোন দিতাম। কিন্তু পুলিশ এসে উল্টো আমার কাছে তেল খরচের জন্য টাকা চায়। এজন্য এখন আর পুলিশকে ফোন দেই না।  

স্থানীয় তরুণ রায়হান (২৩) বলেন, এই বাগান বাড়িটি অপরাধ করার জন্য আদর্শ একটি জায়গা হয়ে গেছে। এখানে প্রশাসনের কোনো নজরদারি নেই। এজন্য এখানে নির্দ্বিধায় অপরাধ এবং অসামাজিক কাজ করা যাচ্ছে। প্রশাসন যদি নজরদারি করে তবে এখানে অপরাধ বা অসামাজিক কার্যক্রম বন্ধ হবে। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

চন্দ্রা এলাকার বাসিন্দা হযরত আলী (৪৫) বলেন, ৫ আগস্টের পর আলেয়া গার্ডেন মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। শুধু আখড়া নয় এখন এখান থেকে মাদকসেবী তৈরি হচ্ছে। এলাকার যারা মাদক চিনত না তারাও মাদকাসক্ত হয়ে পড়ছে। শহর থেকে যেসব মাদকসেবী এখানে  আসে তারা এলাকার যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করছে। নানা ধরনের মাদকের গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার তাদের প্রতিহত করার চেষ্টা করলেও উল্টো মাদকসেবীরা মব সৃষ্টি করে। ভয়ে-আতঙ্কে কেউ প্রতিবাদ করে না এবং এই জায়গাটিতে স্থানীয়রা খুব একটা যাওয়া-আসা করে না। জায়গাটি নিরিবিলি হওয়ায় মাদবসেবনের পাশাপাশি মাদক কেনাবেচার নিরাপদ স্থানে পরিণত হয়েছে।      

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সার্বক্ষণিক চলমান রয়েছে। ওই স্থানটিতে গুরুত্ব সহকারে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরকে