বিজ্ঞাপন

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন, ঘটনাস্থলে টিম পাঠিয়েছে বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন, ঘটনাস্থলে টিম পাঠিয়েছে বিজিবি

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেওয়ায় পুশইন করা ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে স্থানীয় আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন জানান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে ৬ নারী ও এক শিশু ঢুকে পড়লে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় ওই নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। আজ ভোরে চোখ বেঁধে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। 

জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, আমি নিজে তাদেরকে আটক করি। পরে আমাদের ইউপি সদস্যকে এবং কমলগঞ্জ থানায় জানাই। কিন্তু থানা থেকে আমাকে বলল তারা কিছু করতে পারবে না, তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে একটি অটোরিকশায় তুলে দেন।

তবে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেন। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে। ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এমন সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি। 

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, পুশইনের খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবির টিম পাঠানো হয়। পরে জানা যায় তাদেরকে স্থানীয়রা আটকে রাখার কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে। স্থানীয়দের উচিত ছিল, তাৎক্ষণিক বিজিবিকে অবগত করা কিংবা বিজিবির হাতে তাদেরকে তুলে দেওয়া। পুশইনের বিষয়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

আরকে

বিজ্ঞাপন