বরিশাল নগরীতে নির্মাণাধীন ড্রেনের পাশের দেওয়াল ধসে জোবায়ের (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নগরীর পুলিশ লাইন্স এলাকায় ওয়াইডব্লিউসি গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আজ তারা ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি দেওয়াল ধসে পড়তে শুরু করলে সেখানে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুজন দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পড়ে যান। এ সময় দেওয়ালটির একটি অংশ তার পিঠের ওপর এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই ড্রেন নির্মাণকাজ শুরু করা হয়েছিল। দেওয়ালের ঝুঁকি মূল্যায়ন ও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
ঘটনার বিষয়ে ঠিকাদার অভি বলেন, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। তবে দেওয়ালটি ধসে পড়ার কোনো শঙ্কা ছিল বলে মনে হয়নি। কী কারণে হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ল, তা বুঝতে পারছি না।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএআর
