বিজ্ঞাপন

মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১১৬০০ টাকা

মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১১৬০০ টাকা

ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।  

বৃহস্পতিবার (২৪  জুন) দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট আড়তে মাছটি বিক্রি করা হয়। এ সময় সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করেন স্থানীয় আলম ব্যাপারী নামে এক মৎস্য ব্যবসায়ী।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয় রহমান মাঝি ৭-৮ জন মাঝিমাল্লা নিয়ে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরতে নদীতে গিয়ে জাল ফেলেন। এর কয়েকঘণ্টা পর জাল টেনে ট্রলারে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও তাদের জালে ধরা পড়ে। পরবর্তীতে তারা মাছটি স্থানীয় আড়তে বিক্রির জন্য আনার খবরে বেশ কয়েকজন আড়তদার মাছটি ক্রয়ের জন্য নিলামে অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ দামে মৎস্য ব্যবসায়ী আলম মাছটি কিনে নেন।

মাছটির ক্রেতা মো.আলম বলেন, সচরাচর এতো বড় নদীর ইলিশের দেখা মেলে না। কৌতূহলবশত ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ১১ হাজার ৬০০ টাকায় আমি কিনেছি। এটি বিক্রির জন্য ঢাকা পাঠাবো, আশা করছি সর্বনিম্ন ১৩ থেকে ১৪ হাজার টাকায় ইলিশটি বিক্রি করতে পারবো।  

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে গত মার্চ-এপ্রিল দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল পাচ্ছেন জেলেরা। এতে জেলেরা নদীতে গিয়ে বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাচ্ছেন। এর পরিমাণ আগামীতে আরও বাড়বে।

খাইরুল ইসলাম/আরএআর

বিজ্ঞাপন