কুমিল্লায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পথচারী এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (২৪ জুন) রাত থেকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ চলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর পর্যন্ত।
স্থানীয়রা জানান, মাদকের অভয়ারণ্যখ্যাত কাটাবিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অপু হত্যাসহ একাধিক মামলার আসামি। কিছুদিন আগে হত্যা মামলায় জেল থেকে জামিনে মুক্ত হন। অপুর সঙ্গে ওই এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তার প্রতিবেশীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বুধবার রাতে রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়। পরে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।
সেই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবর্ষণের ঘটনায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইথার আহমেদ প্রেম নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের শরীরে গুলি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।
পুলিশ জানায়, অপু জেল থেকে জামিনে বেরিয়ে তার চাচাতো ভাইদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে। বুধবার রাতে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পুনরায় গোলাগুলি শুরু হলে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়।
ওসি তৌহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, গুলিবিদ্ধ স্কুলছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কাটাবিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরিফ আজগর/আরএআর
