নীলফামারীর কিশোরগঞ্জে মা মারুফা বেগমকে (৬০) হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে তার বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে গতকাল বুধবার ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজহারুল আনোয়ার জুয়েল বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফা বেগমের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করেন। তিনি বড় ছেলে জুয়েল মিয়াসহ বাড়িতে থাকতেন। লাভিন মিয়া গত ২ জুন ঢাকা থেকে বাড়িতে এসে তার মাকে খোঁজাখুঁজি করেও কোথাও পাননি। পরে ৪ জুন সকালে লাভিন মিয়ার স্ত্রী নিজের ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পেয়ে তাকে জানান। পরে লাভিন মিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পায়। সেদিন রাতে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ, তার বড়ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। পরে এ ঘটনায় লাভিন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নিহতের বড় ছেলে জুয়েলকে গতকাল রাতে গ্রেপ্তার করে।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাকে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেখানে তার জবানবন্দি নেওয়া হবে।
শাহজাহান ইসলাম লেলিন/আরএআর
