চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, অশ্লীল ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগে তৌসিফ আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সদরঘাট থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তৌসিফ পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেইনের আব্দুল হাইয়ের বিল্ডিংয়ের বাসিন্দা।
মামলার এজাহারে ২১ বছর বয়সী তরুণী উল্লেখ করেন, ২০২৪ সালের ২৮ এপ্রিল ফেসবুকের মাধ্যমে তৌসিফের সঙ্গে তার পরিচয় হয়। পরে তৌসিফ তাকে প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হলে তৌসিফ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও বলা হয়, ওই সময় তৌসিফ তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। পরে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে ফোন করে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/এসএইচএ
