বিজ্ঞাপন

স্কুল ফাঁকি দেওয়ায় অভিনব শাস্তি, করতে হবে ৮০০ গাছের চারা রোপণ

স্কুল ফাঁকি দেওয়ায় অভিনব শাস্তি, করতে হবে ৮০০ গাছের চারা রোপণ

রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দেওয়ায় অভিনব এক শাস্তি পেয়েছে চার শিক্ষার্থী। শাস্তি হিসেবে তাদেরকে এক সপ্তাহের মধ্যে ২০০টি করে মোট ৮০০ গাছের চারা রোপণ করতে হবে।

বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে এই শাস্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

ইউএনও মো. রিফাতুল হক বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিআরডিবি অফিস থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে অফিসে ফেরার সময় দেখতে পাই উপজেলা পরিষদের ভেতর পূর্ব পাশের পুকুর ঘাটে স্কুলের ইউনিফর্ম পরিহিত চারজন ছাত্র দাঁড়িয়ে রয়েছে।

তাদেরকে জিজ্ঞাস করলে তারা বলে তারা পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং টিফিন টাইমে ছুটি নিয়ে পুকুরে সাঁতার কাটতে এসেছে। স্কুলে ফোন দিয়ে জানা যায় এরকম কাউকে ছুটি দেওয়া হয়নি।

বিকালে চার ছাত্র তাদের অভিভাবকসহ এসে স্বীকার করে, স্যারের স্বাক্ষর জাল করে ছুটির দরখাস্ত অনুমোদনের কপি নিয়ে তারা স্কুল থেকে বের হয়েছে। তাদের অভিভাবক প্রতিশ্রুতি দেয় যে, এবারের মতো তাদেরকে ছেড়ে দিলে তারা ভবিষ্যতে এরকম আর করবে না। তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে ২০০টি করে গাছের চারা রোপণ করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদের ওই পুকুরটিতে এর পূর্বেও সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। যারা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সকল তথ্য উপজেলা প্রশাসনের কাছে রয়েছে। ভবিষ্যতে এরকম অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে। 

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ

বিজ্ঞাপন