বিজ্ঞাপন

জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলায় সরকারের বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে আরেক ইউপি সদস্য বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন আইনে এ মামলাটি দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

মামলায় অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. ফজলুল হক বাচ্চু। তিনি তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

এর আগে একইদিন দুপুরের ওই ইউনিয়নের আরেক ইউপি সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ বাদী হয়ে বরগুনার সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে ঝাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা প্রদান কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গত ৩ মার্চ ও ২ এপ্রিল ইউনিয়ন পরিষদে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে দুই মাস করে মোট ৪ মাসে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ করা হয়। পরবর্তীতে বরাদ্দকৃত চাল পরিবহন ও বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চুকে লিখিতভাবে দায়িত্ব দেন। পরে গত ১০ এপ্রিল ইউনিয়নের নিবন্ধিত মোট ৭৬৫ জন জেলে পরিবারকে ৮০ কেজি করে মোট ৬১ টন চাল বিতরণ করেন ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চু। তবে বরাদ্দকৃত অবশিষ্ট ৫ টন চাল বিতরণ না করে তিনি তা আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। 

মামলায় আরও উল্লেখ করা হয়, ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চুর এমন দুর্নীতির বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা মিলে গত ২২ এপ্রিল জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ কমিশনের বরিশাল বিভাগ এবং পটুয়াখালী কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। এছাড়াও গত ৪ জুন দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশও করা হয়। তবে এতে কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছেন বলে উল্লেখ করেন, মামলার বাদী ইউপি সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ।

মামলার বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন বলেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালীকে আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। 


মো. আব্দুল আলীম/এসএইচএ

বিজ্ঞাপন