বিজ্ঞাপন

সুন্দরবনে কোস্ট গার্ড ও দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ, দস্যু প্রধান আটক

সুন্দরবনে কোস্ট গার্ড ও দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ, দস্যু প্রধান আটক

সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে। গোলাগুলির পর দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে কোস্টগার্ড আহত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে যায় তারা।

হাসপাতালের চিকিৎসা নথিতে দেখা গেছে, কয়রা মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর জেলে রবিউল ইসলামকে (৫০) সকাল ৯টা ৫৫ মিনিটে হাসাপাতালে নিয়ে যায়। তার হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল।

মহেশ্বরীপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, মানিক গাজীর জেলে রবিউল ইসলামই বনদস্যু দুলাভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ‘ইলিয়াস বাহিনী’। তিনি মারা যাওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল নতুন দল গড়ে তুললে, স্থানীয় লোকজন এর নাম দেন ‘দুলাভাই বাহিনী’।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বনের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্ট গার্ড বিষয়টি দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, আমরাও বিষয়টি শুনেছি। কোস্ট গার্ড বিস্তারিত বলতে পারবে।

কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে। সকালে বাহিনী প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা অভিযানে আছেন, পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিস্তারিত জানানো হবে। 

মোহাম্মদ মিলন/আরকে

বিজ্ঞাপন