বিজ্ঞাপন

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে

৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে

বিশ্বের ৪৮টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং দেশের সংস্কৃতিকে সম্পূর্ণ নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

​সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা সংস্কৃতিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ইতোমধ্যে আমাদের সঙ্গে ৪৮টি দেশের ‘কালচারাল ডিপ্লোমেসি’ বা সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছি।

​তিনি বলেন, আমরা ব্যর্থ হওয়ার জন্য আসিনি। আমাদের সরকার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত সরকার। দেশের জনগণের কল্যাণই আমাদের প্রধান কাজ। পূর্ববর্তী সময়ের ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে সফল হওয়ার জন্য কাজ করা হচ্ছে। দেশের প্রায় সব প্রতিষ্ঠানই ভেঙে পড়েছিল, তাই সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে।

​বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন।

​এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান এবং জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্রাট হোসেন/এএমকে

বিজ্ঞাপন