বিজ্ঞাপন

মোটরসাইকেলচালকের কোমরে বাঁধা ছিল ২ কোটি টাকার স্বর্ণ

মোটরসাইকেলচালকের কোমরে বাঁধা ছিল ২ কোটি টাকার স্বর্ণ

যশোরে ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩টি সোনার বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) দুপুরে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ২৫৮ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

আটক সাহাব উদ্দিন সরদার (৪৪) বেনাপোল পোর্ট থানা এলাকার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে এক ব্যক্তি মোটরসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল গদখালী বাজারে অবস্থান নেয়। ওই ব্যক্তি গদখালী বাজারে পৌঁছালে বিজিবি সদস্যরা তার গতিরোধ করেন। পরে তাকে তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় বেঁধে রাখা অবস্থায় ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা সোনার বারের বাজার মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রেজওয়ান বাপ্পী/এএমকে