দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিল্প ও ব্যবসা খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে উদ্যোক্তারা দ্রুত ও সহজে লাইসেন্স গ্রহণ করতে পারবেন, যা দেশে নতুন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে লালমনিরহাট চেম্বার ভবনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, লাইসেন্স গ্রহণে অযথা হয়রানি ও জটিলতা দূর করা হবে। উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য।
আসাদুল হাবিব বলেন, লালমনিরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর লক্ষে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে চেম্বারের সদস্য, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কুড়িগ্রাম জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
