মাদকের ভয়াবহ ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় একযোগে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে রংপুর বিভাগয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়। তবুও ভৌগোলিক অবস্থানের কারণে দেশে মাদকের অনুপ্রবেশ ঘটে, যার নির্মম শিকার হয় আমাদের সম্ভাবনাময় তরুণ সমাজ। মাদকের ভয়াবহ ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রংপুর জেলা প্রশাসন যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের প্রতি পারিবারিক নজরদারি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ, র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম এবং রংপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আফতাব উদ্দিন প্রমুখ।
এ ছাড়া, অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মাদক নিরাময়কেন্দ্রের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে, সকালে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
