বিজ্ঞাপন

ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পাশের উপজেলা কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখের পরিবারের বিরোধ চলে আসছিল। এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের দিকে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুমন। পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিল শেখ নামে এক ব্যাক্তির বাড়ির সামনে পৌঁছালে হুসাইন শেখের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী তার পথরোধ করে।

এসময় ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পরই দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত হুসাইন শেখ পলাতক ও মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সুমনের ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

জহির হোসেন/এসএইচএ

বিজ্ঞাপন