চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩০০ বস্তা সিমেন্টসহ একটি ফিশিংবোট জব্দ করেছে কোস্ট গার্ড। তবে, এ ঘটনায় জড়িত চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৬ জুন) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বৃহস্পতিবার বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ফিশিংবোটে তল্লাশি চালানো হয়।
এ সময় বোট থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোট ছেড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিমেন্ট ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এমআর/এসএইচএ
