পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ইউনিয়ন ছাত্রদলের এক সাধারণ সম্পাদকসহ ৪ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতভর পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (২৫), বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার (৩৪), কনকদিয়া ইউনিয়নের আয়লা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের এলাকায় মাদক কারবারি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা মোট ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেছি। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ
