বিজ্ঞাপন

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমার অঙ্গীকার: সাঈদ আল নোমান

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমার অঙ্গীকার: সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, জেলে সম্প্রদায়সহ প্রান্তিক সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই তার অঙ্গীকার। বর্তমান সরকার শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের জেলে সম্প্রদায়ের জীবনমানে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। এর সুফল সবার আগে চট্টগ্রামের জেলেরা পাবেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে নগরীর হালিশহরের রাণী রাসমণি ঘাটে স্থানীয় জেলে সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এমপি সাঈদ আল নোমান কয়েকশ জেলে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জেলে সম্প্রদায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল পেতে শুরু করবে। পিছিয়ে পড়া ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পাশে তিনি সবসময় থাকবেন।

তিনি আরও জানান, জেলেদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হালিশহরে একটি সরকারি হাসপাতাল ও একটি কালচারাল সেন্টার প্রতিষ্ঠার দাবি সংসদে উত্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন। পাশাপাশি রাণী রাসমণি ঘাটের উন্নয়নেরও আশ্বাস দেন তিনি।

চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি সাঈদ আল নোমান বলেন, কাউকে কোনো ধরনের চাঁদা দেওয়ার প্রশ্নই আসে না। চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

আরএমএন/এসএইচএ

বিজ্ঞাপন