কুমিল্লায় মাদকব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের শরীর থেকে এখনো গুলি বের করা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে তার পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।
শুক্রবার (২৬ জুন) দুপুরে ঢাকা পোস্টকে মুঠোফোনে এসব কথা বলেন গুলিবিদ্ধ স্কুলছাত্র প্রেমের খালা অথৈ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেমের সঙ্গে হাসপাতালে অবস্থান করছেন।
তিনি অভিযোগ করে বলেন, এক দিন পার হতে চললেও প্রেমের শরীর থেকে এখনো গুলিটি বের করা হয়নি। এখানে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। ডাক্তাররা কিছুই বলছেন না। কখন গুলিটি বের করা হবে কিংবা অপারেশন হবে। এতটুকু একটা বাচ্চা ছেলে ব্যথায় কাতরাচ্ছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রেমের শরীরে গুলি লাগে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। পরে জরুরি বিভাগে ভর্তি করাই। ডাক্তাররা বলছেন তার রক্তক্ষরণ হচ্ছে, তাই তাকে রক্তে দিতে হবে। এ পর্যন্ত বেশ কয়েকবার রক্ত দেওয়া হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শাহজাহান বলেন, গুলিটি শিশুটির ফুসফুস পর্যন্ত পৌঁছে গেছে। আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সেটি বের করতে পারবেন।
প্রসঙ্গত, প্রসঙ্গগত, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহমেদ প্রেম (১২) নগরীর কাটাবিল এলাকার বাসিন্দা মো ইউনুস মিয়ার ছেলে। এদিন রাতে গুলিবিদ্ধ প্রেমের মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি তার সঙ্গে থাকা কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দেন।
আরিফ আজগর/এএমকে
