ঈদুল আজহা উপলক্ষ্যে বরাদ্দকৃত অর্থ বণ্টন নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলায় বিএনপির এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত আলম শেখ উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর চৌগাছি গ্রামের একটি মসজিদের সামনে তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ পাওয়া নগদ অর্থ শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো। অভিযোগ রয়েছে, উপজেলার অন্যান্য ইউনিয়নে অর্থ বিতরণ করা হলেও আমলসার ইউনিয়নে ঈদের আগে কোনো অর্থ দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চেয়ে গত ২৯ মে আহত আলম শেখের ছেলে সজিব শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি আমলসার ইউনিয়নের বরাদ্দকৃত অর্থের বিষয়ে প্রশ্ন তোলেন। এরপর থেকেই স্থানীয় বিএনপির অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি হয় বলে দাবি দলীয় নেতাকর্মীদের।
দলীয় একাধিক সূত্রের অভিযোগ, ওই পোস্টের জেরে আলম শেখ ও তার ছেলেকে ‘শায়েস্তা’ করার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল।
আহত আলম শেখ অভিযোগ করে বলেন, হিরো চেয়ারম্যানের নির্দেশে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরল মণ্ডলের উপস্থিতিতে তাজু, তাফিন, রিয়াজ, লিটনসহ কয়েকজন আমাকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে। আমার ছেলে ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকেই আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। শেষ পর্যন্ত আমাকে হামলার শিকার হতে হলো।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো বলেন, ছেলে অন্যায় কথা লিখেছে, সে কারণে কর্মীরা ক্ষুব্ধ ছিল। তবে ছেলের জন্য বাবার ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাছিন জামান/আরএআর
