বরিশালের সদর উপজেলায় একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কাল নাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের হাজী বাড়ি এলাকার বাসিন্দা জীবুল হক সেন্টুর বাড়ির বেডরুমের এসি থেকে সাপগুলো উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালী।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দুই জোড়া কাল নাগিনী সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার সাপগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে তিনি বেডরুমের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের সদস্যদের সতর্ক করেন এবং ওই কক্ষে সবার প্রবেশ বন্ধ করে দেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় চারটি কাল নাগিনী সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এসির আউটডোর ইউনিটে অবস্থান করা আরও একটি সাপ ধরা সম্ভব হয়নি। উদ্ধার করা সাপগুলো পরবর্তী ব্যবস্থাপনার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এসির ভেতরের উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণে সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিক থেকে আরও একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
এসএইচএ
