বিজ্ঞাপন

মেঘনায় বালু উত্তোলন

‘আমাকে প্রশ্নবিদ্ধ করতেই ছবি ব্যবহার করা হয়েছে’

‘আমাকে প্রশ্নবিদ্ধ করতেই ছবি ব্যবহার করা হয়েছে’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নিজের ছবি ব্যবহার করে মানববন্ধন করায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। তিনি দাবি করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে তাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কারা এ কাজ করছে, তা আমি জানি না। প্রশাসন তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করুক।

তিনি বলেন, যতটুকু জানি, ওই এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

নিজের ছবি ব্যবহার করে মানববন্ধন করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার ছবি ব্যবহার করে কে বা কারা মানববন্ধন করেছে, তা আমি জানি না। এটি একটি মহলের সুপরিকল্পিত চক্রান্ত। আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এ ধরনের জঘন্য কর্মকাণ্ড করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, যারা আমার ছবি অপব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মীমরাজ/এসএইচএ

বিজ্ঞাপন