রাজশাহীর মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে মারপিটে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের মধ্যে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। এনিয়ে সন্ধ্যায় বাগবিতাণ্ডার একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে মারধরে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মারামারিতে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রীয়াধীন।
শাহিনুল আশিক/এসএইচএ
