বিজ্ঞাপন

নাটোরে আম পাড়ার সময় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নাটোরে আম পাড়ার সময় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মুজদার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার দয়ারামপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজদার আলী উপজেলার বিলপাড়া গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মুজদার আলী তার নিজস্ব আমবাগানের একটি গাছে আম পাড়তে ওঠেন। একপর্যায়ে অসাবধানবশত পা ফসকে তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। তবে রাজশাহী নেওয়ার পথে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি খুব দুঃখজনক। মৃতের পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আশিকুর রহমান/আরকে