বিজ্ঞাপন

পদ্মার চরে আটকা পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

পদ্মার চরে আটকা পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে অন্য লঞ্চে তুলে দেওয়া হয়।

জানা গেছে, গতকাল রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা নামক চরে লঞ্চটি আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

পরে ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের চরে থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া নামের আরেকটি লঞ্চে স্থানান্তর করা হয়। নৌ পুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান। এ ঘটনায় মোট ৮৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কোনো যাত্রী আহত হননি বলে জানা গেছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, জাতীয় পরিষেবা ৯৯৯-এর মাধ্যমে আমরা সংবাদ পাই দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লঞ্চ ৮৫ জন যাত্রী নিয়ে একটি চরে আটকা পড়েছে। পরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে আরেকটি লঞ্চে তুলে দেওয়া হয়। 

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে

বিজ্ঞাপন