বিজ্ঞাপন

টাঙ্গাইলে নিজ বাড়িতে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিজ বাড়িতে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলম (৫১) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে পৌর শহরের শিবনাথপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নাজমা আলম ওই এলাকার ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলম শাহীনের স্ত্রী। 

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সকালে শফিউল আলম অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি স্ত্রী নাজমাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও কোনো খবর না পেয়ে সাবেক ভাড়াটিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। পরে তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন নাজমা আলমের অবস্থা আশঙ্কাজনক। এ সময় তিনি ওই বাড়ির তিনতলায় ঘরের ভেতর গিয়ে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নামজার মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যদের ও পুলিশে খবর দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এটি নিঃসন্দেহে হত্যা। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু কীভাবে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরিফুল ইসলাম/আরএআর