বিজ্ঞাপন

মৌলভীবাজারে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (২৮ জুন) বিকেলে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে শ্রীমঙ্গলের উদ্দেশে আসছিলেন সৌরভ ও নাঈম। সাতগাঁও চা-কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

আরএআর