নীলফামারীতে কানাডিয়ান জাল ডলার ও বিভিন্ন সরঞ্জামসহ ভিসা প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান। এর আগে শনিবার রাতে কিশোরগঞ্জ থানার চাঁদখানা ইউনিয়নের কাঠগারী পণ্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদখানা ইউনিয়নের কাঠগারী পণ্ডিতপাড়া সফিকুর ইসলামের ছেলে সজিব ইসলাম (২০), জসিম উদ্দিনের ছেলে মামুন ইসলাম (২০), সানারুল ইসলামের ছেলে লাবু ইসলাম (২০), জহির উদ্দিনের ছেলে নুরুন্নবী ইসলাম (৩২) ও জহুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে অনলাইন লটারি কার্ড, তিনটি স্মার্ট ফোন, ল্যাপটব প্রিন্টারসহ কানাডিয়ান জাল ভিসা, জাল পাসপোর্ট, জাল কারেন্সি জব্দ করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, শনিবার রাতে তাদের গ্রেপ্তারের পর মামলা হয়েছে। আজকে (রোববার) আদালতে প্রেরণ করা হয়।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে
