বিজ্ঞাপন

অনুদানের তালিকায় এমপির মেয়ের নাম : সতর্ক করল জামায়াত, পিএস বরখাস্ত

অনুদানের তালিকায় এমপির মেয়ের নাম : সতর্ক করল জামায়াত, পিএস বরখাস্ত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় দুই জায়গায় তার মেয়ের নাম থাকার ঘটনায় দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে এমপি তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করেছেন।

রোববার (২৮ জুন) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার জানান, সম্প্রতি সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আতাউর রহমান বাচ্চুকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এদিকে একইদিন জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে আতাউর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পিএস বরখাস্তের আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং আদেশটি একই দিন থেকে কার্যকর। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও বরখাস্তের আদেশপত্র পোস্ট করেন সংসদ সদস্য।

জানা গেছে, জাতীয় সংসদ সচিবালয়ের অনুদান মঞ্জুরিপত্রে উপকারভোগীদের তালিকায় ‘ফাইজা’ নামটি দুই জায়গায় রয়েছে — এক জায়গায় বাবার নামের ঘরে ‘মো. আতাউর’ এবং অন্য জায়গায় ‘মো. বাচ্চু’ উল্লেখ রয়েছে। সংসদ সচিবালয়ের হিসাব শাখা থেকে ১৪ জুন জারি করা চিঠিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে নড়াইল-২ আসনের ঐচ্ছিক তহবিল থেকে মোট এক লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়ার অনুমোদন হয়েছে।

নথি অনুযায়ী, নড়াইল সদর উপজেলার অনুদানপ্রাপ্তদের তালিকায় ২১ জনের নাম রয়েছে, যার মধ্যে সংসদ সদস্যের নিজ গ্রামের ৯ জন এবং শ্বশুরবাড়ির ইউনিয়ন লাহুড়িয়া থেকে ৭ জন। এছাড়া দুই জায়গায় পৃথকভাবে তার মেয়ের জন্য ১০ হাজার টাকা করে অনুদান বরাদ্দের উল্লেখ রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, হঠাৎ পিএস আমাকে জানালেন আজই তালিকা জমা দিতে হবে। আমি বললাম সব ইউনিয়ন থেকে তালিকা নিয়ে নাও। আমার সইয়ের প্যাড সেখানে ছিল, সেই প্যাডে তিনি তালিকা দেন।

বরখাস্ত হওয়া পিএস আবু সালেহ মোহাম্মদ গোফরান বলেন, বরখাস্তের চিঠি এখনো আমার হাতে পৌঁছায়নি। অনুদান তালিকা প্রণয়নে তার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ জুন) তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

আরএআর

বিজ্ঞাপন