বিজ্ঞাপন

মাদরাসার পাশে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল, পরদিন মিলল মরদেহ

মাদরাসার পাশে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল, পরদিন মিলল মরদেহ

নওগাঁয় মাদরাসার পাশ থেকে আব্দল্লাহ আল নিরব (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) দুপুরে শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার এতিমখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

মাদরাসা সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী নিরব ওই মাদরাসার এতিমখানায় আবাসিকে থাকতো। শনিবার রাতে মাদরাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল ওই শিক্ষার্থী। সেখান থেকে তার সহপাঠীরা রাত ১০টার দিকে তাকে আসতে বললেও সে আসেনি। পরে তার সহপাঠীরা এসে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে মাদরাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা মাদরাসা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী আমাদের মাদরাসায় লেখাপড়া করতো এবং এতিমখানায় থাকতো। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় এসে এই ঘটনা জানতে পারি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

মনিরুল ইসলাম শামীম/এএমকে