ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
রোববার (২৮ জুন) জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রাজু আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ইউসুফ খান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, এলজিইডির সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান এবং হিসাবরক্ষক মাহমুদুর রহমান তসলীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে প্রতিটি উন্নয়ন প্রকল্প সময়মতো এবং মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহের সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা পরিষদকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সহযোগিতা, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সংস্কৃতির বিকাশে জেলা পরিষদ আরও কার্যকর ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার উন্নয়ন আরও বেগবান হবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।
বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পরিকল্পনা প্রণয়ন কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, অনুমোদিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
সাখাওয়াত সুমন/এএমকে
