World Cup Football Field

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলোকে কাটিয়ে আমরা বিশ্বকাপ ফুটবলে অংশ নেব।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরষ্কার ও নবম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৫ থেকে ২০ বছর পর বাংলাদেশের ফুটবল যাতে বিশ্ব মানচিত্রের উঁচু স্থানে পৌঁছাতে পারে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। দেশের প্রেক্ষাপটে আমাদের ন্যাশনাল টিম ভালোভাবে চেষ্টা করছে। হামজা চৌধুরী থেকে শুরু করে জামাল ভূঁইয়া সবাই ভালো খেলছে।

আমরা সাব-কন্টিনেন্টে চেষ্টা করছি। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেগুলোকে ওভারকাম করে যাতে ডমিনেট করতে পারি। নভেম্বরে আমাদের সাফ ফুটবল রয়েছে। ২০০৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপর দীর্ঘ সময় হয়ে গেছে, কিন্তু আমরা সাফের সেই কাঙ্ক্ষিত শিরোপা ফিরে পাইনি।

তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ঐক্যবদ্ধ এবং ভালো একটি টিম। আমরা আশাবাদী আগামী সাফ ফুটবলে বাংলাদেশ শিরোপা পুনরুদ্ধার করবে। এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে ৩০০ ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়া ক্ষেত্রে বড় ভূমিকা যারা রাখছেন তাদের ভাতা প্রদান করা হচ্ছে। ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়িয়ে এই সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশের আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে উপস্থিত হন প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। পরে সেখানে স্বাগত বক্তব্য শেষে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন এবং খেলা উপভোগ করেন। পরে অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্ব রাখায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা দেন তিনি।

আশিকুর রহমান/এএমকে