বিজ্ঞাপন

বিপৎসীমা ছাড়াল দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বিপৎসীমা ছাড়াল দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬ ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর অববাহিকায় অবস্থিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে মাঠে অবস্থিত আমন বীজতলা, বিভিন্ন প্রকার সবজি ও পাটক্ষেত তলিয়ে গেছে। দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নিচু ঘরবাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যবহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উজানে ভারতের দোমুহুনি পয়েন্ট এবং গজলডোবা পয়েন্টের পানি সমতলে হ্রাস পাওয়ায় তার প্রভাবে কুড়িগ্রামে পানি বৃদ্ধি পাচ্ছে। ভারী বৃষ্টিপাত বজায় থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পানি যেভাবে বাড়ছে, তাতে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

মমিনুল ইসলাম/আরকে

বিজ্ঞাপন