বিজ্ঞাপন

নিখোঁজের তিন দিন পর মাদরাসাছাত্রের গলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর মাদরাসাছাত্রের গলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদাত হোসেন (৮) নামে এক মাদরাসাছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম শাহাদাত হোসেন। সে চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে এবং স্থানীয় হানিফ হাজির ডাঙ্গী কওমি মাদরাসার ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবারসংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষ্যে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে মাইকিং করাসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাননি। সোমবার দুপুরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জহির হোসেন/আরএআর

বিজ্ঞাপন