২০২৬-২৭ অর্থবছরে জামালপুর পৌরসভার জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা। এরমধ্যে নতুন করে কোনো ধরনের কর আরোপ করা হয়নি।
সোমবার (২৯ জুন) দুপুরে জামালপুর পৌরসভা কার্যালয়ে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমি খানম।
মৌসুমি খানম জানান, পূর্ববর্তী অর্থ বছরের ন্যায় কোনো প্রকার পৌরকর বৃদ্ধি না করে ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। পানি সরবরাহ শাখার প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ৭৪ হাজার ৫শ টাকা। চলমান ৪টি প্রকল্প ও সরকার কর্তৃক প্রদত্ত উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে, ২৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা এবং ব্যয় প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৪০ লক্ষ ৩৫ হাজার ৫২ টাকা।
তিনি আরও জানান, উন্নয়ন খাতের মধ্যে উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৫১ লাখ ৭ হাজার ৫১০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ ৮১ হাজার টাকা। গুরুত্বপূর্ণ টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৮ হাজার ৮৮২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ১৫ হাজার টাকা। নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুয়েত) খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৪৪৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৪৪৪ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা (আবর্তক) তহবিল খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ১৫৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা। এবং স্থানীয় সরকার কোভিড-১৯ (প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার) খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬০৮ টাকা।
মৌসুমি খানম বলেন, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদি।
সংবাদ সম্মেলনে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লবের সভাপতি এম. এ জলিল, সাধারণ সম্পাদক মুকুর রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাঁধন হোসেন/এসএইচএ
