টানা লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। জামালপুরের শরিফপুর এলাকাবাসী। সোমবার (২৯ জুন) রাত ৮টা থেকে শরিফপুর বাজার সংলগ্ন মহাসড়কে অবস্থান নেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।
এসময় তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে প্রশাসনের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আসেনি।
স্থানীয় বাসিন্দা কালু মিয়া বলেন, আমাদের এলাকায় দিনে ৫ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে পারি না। বাসায় ফ্রিজে খাবার সব নষ্ট হয়ে গেছে। এভাবে আমরা বাঁচতে পারব না, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তাই আজ সড়ক অবরোধ করেছি। এখানে প্রশাসনের লোকজন আসবে, আমাদের বিদ্যুতের ব্যবস্থা করে দেবে, তারপর অবরোধ তুলে নেবো, এর আগে না।
শায়ন নামের এক শিক্ষার্থী বলেন, আমি রাজিব বাসে করে ঢাকা যাচ্ছি। কাল সকালে আমার পরীক্ষা। এখানে স্থানীয়রা রাস্তা অবরোধ করে রেখেছি, এটা ঠিক না। এরা বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে আন্দোলন করবে, রাস্তায় কেন?
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়দের সাথে কথা বলে অবরোধ উঠানোর চেষ্টা করব।
বাঁধন হোসেন/এসএইচএ
