নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুটি চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও বার্নার জব্দ এবং এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
তিতাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, টিপুরদী এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্র অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানা পরিচালনা করে আসছিল। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর এক্সকাভেটর দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সুরজিত কুমার জানান, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মীমরাজ হোসেন/আরএআর
