জামালপুরে প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে স্থানীয়রা। এতে প্রায় আড়াই ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোডে স্বাভাবিক হয়েছে যানচলাচল।
এর আগে সোমবার (২৮ জুন) রাত আটটার দিকে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামালপুরের শরিফপুরের এলাকাবাসী।
এ সময় তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে জামালপুর সদর থানার পুলিশ গিয়ে স্থানীয় অবরোধকারীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয়।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, আমাদের শরীফপুর ইউনিয়নে সকাল, দুপুর, রাত কখনোই বিদ্যুৎ থাকে না। মাঝে মাঝে বিদ্যুৎ আসলেও কিছুক্ষণের মধ্যেই আবার চলে যায়। এর ফলে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছি না। মনোহারি দোকানে ফ্রিজের সমস্ত আইসক্রিম গলে যাচ্ছে। বাসা বাড়িতে পানি নেই, মোবাইল ফোনে চার্জ নেই। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছিলাম। এখন প্রশাসনের লোকজন এসে আমাদের আশ্বাস দিলো যে আমাদের এখানে বিদ্যুৎ স্বাভাবিক হবে, তাই আমরা অবরোধ তুলে নিয়েছি।
রাজিব বাসের চালক মস্ত মিয়া বলেন, আমি জামালপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছি এখানে প্রায় আড়াই ঘণ্টা থেকে অবরোধ আটকে ছিলাম। এখন পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বললো এবং তারা অবরোধ তুলে নিলো। কিন্তু এই আড়াই ঘণ্টা আমরা পিছিয়ে গেলাম। এই আড়াই ঘণ্টা সময় আমার এবং আমার বাসে থাকা সাধারণ যাত্রী সবারই ক্ষতি হলো।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় বাসিন্দারা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করেছিলো। পরে ঘটনাস্থলে আমরা এসে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নিয়েছে, এখন যানবাহন চলাচল স্বাভাবিক।
বাঁধন হোসেন/বিআরইউ
