বিজ্ঞাপন

সোনারগাঁয়ে মূল্যতালিকা না থাকায় জরিমানা, ৩ হাইড্রোলিক হর্ন জব্দ

সোনারগাঁয়ে মূল্যতালিকা না থাকায় জরিমানা, ৩ হাইড্রোলিক হর্ন জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আটজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।

উপজেলা প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করে বিক্রির দায়ে মো. মান্নান নামের এক মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীকেও মূল্যতালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, উপজেলা ভূমি কার্যালয় ও সোনারগাঁ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিন মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মহাসড়কে পৃথক অভিযান পরিচালিত হয়। এ সময় যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ছয় হাজার টাকা জরিমানা এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম এবং সোনারগাঁ থানা-পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টি পাওয়া গেছে। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীকেও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।’

জনস্বার্থে বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মো. মীমরাজ হোসেন/বিআরইউ